আমিরাতে ৫৬ হাজার কেজি মাদকসহ গ্রেফতার ১৩
ছবিঃ সংগৃহীত।
আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মাসব্যাপী পরিচালিত যৌথ অভিযানে শক্তিশালী মাদকচক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫৬ হাজার ৬২৩ কেজিরও বেশি মাদকদ্রব্য, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ দিরহাম।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় মাদকবিরোধী কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে জানায়, দুবাই, শারজাহ এবং বাহরাইন পুলিশের সমন্বিত প্রচেষ্টায় এই অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
গ্রেফতাররা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। তদন্তে উঠে এসেছে, এই চক্রটি বিদেশে অবস্থানরত এক এশীয় ড্রাগ ডিলারের নির্দেশে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করত।
অভিযানে বিপুল পরিমাণ মাদকের পাশাপাশি ৮ হাজার ১৫৯টি সাইকোট্রপিক ট্যাবলেট এবং হাশিশ অয়েল ভর্তি প্রচুর ইলেকট্রনিক সিগারেট জব্দ করা হয়েছে। এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল বিদেশের মাটিতে বসে চক্রটি পরিচালনা করা মূল হোতাকে আইনের আওতায় আনা।
বাহরাইনের নিরাপত্তা সংস্থার সহযোগিতায় ওই গ্যাং লিডারকে দেশের বাইরে থেকে গ্রেফতারের পর বিচারের মুখোমুখি করতে সংযুক্ত আরব আমিরাতে ফিরিয়ে আনা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ এক মাসের নিবিড় নজরদারি এবং ফিল্ড সার্ভেইল্যান্সের মাধ্যমে এই অপরাধী চক্রের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হয়েছিল। মাদক পাচারের উৎস নির্মূল করার জাতীয় কৌশলের অংশ হিসেবেই এই আন্তর্জাতিক অভিযান চালানো হয়েছে।
আমিরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কেবল দেশের অভ্যন্তরেই নয়, বরং দেশের বাইরে থেকে যারা অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনা করছে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।