রক্তি নদীতে হাউসবোটের নৌ-মিস্ত্রির লাশ উদ্ধার
প্রতীকী ছবি
সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পড়ে গিয়ে রাকিব হোসেন (২৬) নামে এক নৌ-মিস্ত্রির লাশ রক্তি নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় রক্তি নদী থেকে স্থানীয়রা ওই নৌ-মিস্ত্রির লাশ উদ্ধার করেন।
নিহত রাকিব মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁ (বিক্রমপুর) গ্রামের দিল মোহাম্মদের ছেলে। রাকিব সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীর পশ্চিম তীরে পর্যটকবাহী একটি হাউসবোটের নৌ-মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার বিকেলে নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তাহিরপুরের রক্তি নদীর পশ্চিম তীরে নির্মাণাধীন একটি হাউসবোটের পাশে থাকা অন্য একটি হাউসবোটে পাহাড়ি ঢলের ঢেউয়ের ধাক্কায় আমার ছোট ভাই রাকিব পানিতে পড়ে নিখোঁজ হয়।
বুধবার সন্ধ্যায় তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় পানিতে পড়ে নৌ-মিস্ত্রি রাকিবের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।