পুলিশ পরিচয়ে মাদকের কারবার, অতঃপর..
সংগৃহীত ছবি
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের ব্যবহৃত সরঞ্জাম ও ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার চন্ডীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শৈলকুপার উমেদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. রিয়াজ বিশ্বাস, দুধসর কাঁঠালবাগান এলাকার মৃত আলেক জোয়ার্দারের ছেলে আশিক জোয়ার্দার, বারইপাড়া গ্রামের ডাবলু মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্লা, গাছ কুলচারা গ্রামের বাবু মন্ডলের মেয়ে তাসমিম খাতুন ও সোন্দাহ গ্রামের জামিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাব্বিরুল আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শৈলকুপার চন্ডিপুর গ্রামের একটি বাড়িতে পুলিশ পরিচয়ে মাদকের কারবার চলছে। সেখানে আমাদের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে আটক করে। সে সময় ওই বাড়িতে তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।