এনজিওর ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের একটি এনজিও থেকে নেওয়া ৫০ হাজার টাকা ঋণের মধ্যে ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় এক মামলায় মোছা. জান্নাতি খাতুন (২৫) নামের গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
জান্নাতি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার একটি দেড় বছরের একটি ছেলে রয়েছে।
বর্তমানে জান্নাতি খাতুন ছেলেসহ তাড়াশ থানা পুলিশের হেফাজতে আছেন।
গ্রেপ্তারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ওই গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আসলে আমাদেরও কিছু করার নেই।
জানা গেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক বছর খানেক আগে টিএমএসএস নামের এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। সে সময় তিনি চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহণ করেন। এরপর আব্দুর রাজ্জাক টিএমএসএসের চাকরি থেকে ইস্তফা দেন।
এদিকে আব্দুর রাজ্জাক বলেন, ওই এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণের প্রায় ২৫ হাজার টাকা কয়েক কিস্তিতে পরিশোধ করেছি। পাশাপাশি চাকরিকালীন সময়ে আমার জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় করতে শাখা ব্যবস্থাপককে অনুবোধ করি। কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা আমার স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় না করে আমার স্ত্রী জান্নাতির নামে আদালতে মামলা করেন। স্বাক্ষরিত সাদা চেকে কত টাকা দাবি করে মামলা করেছেন এনজিও কর্তৃপক্ষ তাও জানি না।
এ প্রসঙ্গে ওসি মো. হাবিবুর রহমান সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানান, মূলত জান্নাতি খাতুনকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে করা হয়েছে।
সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।