সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, তিনটি মোটরসাইকেল উদ্ধার
প্রতিকি ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে ছামিউল হক (৩৮) এবং একই ইউনিয়নের সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে কালাম মিয়া (৪৫)।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ শুক্রবার (১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সক্রিয় মোটরসাইকেল চোরচক্রের সদস্য।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে