নেত্রকোনায় ধান কাটতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনায় ধান কাটতে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রতিকি ছবি

 

নেত্রকোনার খালিয়াজুরীতে ডুবে যাওয়া ফসল কাটতে গিয়ে গৃহবধূ এক মারা গেছেন। গত বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।  

নিহত গৃহবধূ খোকন বেগম ওই গ্রামের মো. জামাল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, হাওরের পানি বাড়তে থাকায় জামাল মিয়া তার ১২০ শতাংশ জমির ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। শ্রমিক সংকটের কারণে কোনো শ্রমিক না পাওয়ায় তিনি নিজেই দুই ছেলেকে নিয়ে গত দুই দিন ধরে ধান কাটার কাজ করছিলেন। স্বামীর এই চরম বিপদে সহযোগিতা করতে স্ত্রী খোকন বেগমও মাঠে নামেন। কিন্তু বুধবার বিকেলে টানা বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যে কাজ করার সময় প্রচণ্ড ঠান্ডায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং এক পর্যায়ে জমির পাশেই ঢলে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বামী জামাল মিয়া জানান, চোখের সামনেই ক্ষেতের ধান তলিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এই অসহায়ত্বের কারণেই পরিবার নিয়ে মাঠে নামতে হয়েছিল, যা শেষ পর্যন্ত তার স্ত্রীর প্রাণ কেড়ে নিল।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন খুবই মর্মান্তিক ঘটনা উল্লেখ করে বলেন, এবার বৃষ্টির পানি জমে ক্ষতি হওয়ার পাশাপাশি ঢলের পানিতে কৃষকদের ক্ষতি হয়েছে অনেক।

ক্ষতিগ্রস্ত পরিবারটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। বিধি মোতাবেক যথাযথভাবে সরকারি আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, এ রকম মৃত্যু খুবই দুঃখ জনক ও মর্মান্তিক। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও তাদের পরিবারকে আর্থিক ক্ষতিগ্রস্তের জন্য সহযোগিতা করা হবে বলেও তিনি নিশ্চিত করেন