লালমনিরহাটে পণ্যবাহী ট্রাক উল্টে মরিচ খেতে, কৃষক নিহত

লালমনিরহাটে পণ্যবাহী ট্রাক উল্টে মরিচ খেতে, কৃষক নিহত

ফাইল ছবি

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মরিচ খেতে পড়ে মনছের আলী (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকালে লালমনিরহাট রংপুর মহাসড়কে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত মনছের আলী ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কৃষক মনছের আলী নিজ বাড়ির পাশে মরিচ খেত দেখতে গিয়েছিলেন।

এসময় রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে কৃষক মনছের আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা চালক ও সহকারী চালককে আটক করে এবং সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করে আটককৃত চালক ও হেলপারকেও ছেড়ে দেওয়া হয়েছে।