মহান মে দিবস বাঞ্ছারামপুরে র্যালি ও পথসভা
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে বাঞ্ছারামপুর সরকারি কলেজ গেইট থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মহসিন। তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি হলেও এখনো তাদের ন্যায্য অধিকার পুরোপুরি নিশ্চিত হয়নি। ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে শ্রমিকদের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মুফতি মোহাম্মদ আলাউদ্দিন সাদি, সাবেক পৌর জামায়াত সভাপতি মাসুদুর রহমান, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি নুর আলম এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারুকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।