সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে কাউখালীতে ১.৭১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন
সংগৃহীত ছবি
পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে প্রাক-প্রতিরক্ষা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে একটি কালভার্ট নির্মাণ প্রকল্পেরও উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর।
গতকাল শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় সন্ধ্যা নদীতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্প বাস্তবায়ন করছে।
পরে প্রতিমন্ত্রী কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নের কারিকর খালের ওপর একটি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, দীর্ঘদিন ধরে আমরাজুড়ি ফেরিঘাটের দুই প্রান্তে নদীভাঙন অব্যাহত থাকলেও টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।
বর্ষা মৌসুমের আগেই ভাঙনের ঝুঁকি কমাতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নদীভাঙন রোধ, খাল খনন, সড়ক উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি উন্নয়ন ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে।