পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেবুছড়ি এলাকায় ঘরের পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফরহাদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়ির পানির মোটরে ত্রুটি দেখা দিলে তা ঠিক করতে গিয়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ মহালছড়ি উপজেলার ৭ নম্বর লেবুছড়ি এলাকার বাসিন্দা।
মাত্র এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।