সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, পাচারচক্রের দুই সদস্যকে জরিমানা

সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, পাচারচক্রের দুই সদস্যকে জরিমানা

ফাইল ছবি

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি জীবিত বিপন্ন বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় একটি বাসে তল্লাশি করে জীবিত একটি তক্ষক উদ্ধার করা হয় এবং পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আটক দুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রংপুরের তারাগঞ্জ উপজেলার খাইরিয়াল খুটির এলাকার ইসমাইলের ছেলে খায়রুল ইসলাম (৪৬) এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, চট্টগ্রামের লালমাই পাহাড় এলাকা থেকে তক্ষকটি বাসযোগে ঢাকায় পাচার করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

উদ্ধার করা তক্ষকটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন ও থানার এসআই আরিফসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, তক্ষক একটি বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী।

অবৈধ পাচার ও বাণিজ্যের কারণে এ প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।