নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে আখাউড়া পৌরসভার দেবগ্রাম উত্তর মাস্টারপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পলি ওই এলাকার অটোরিকশাচালক হেলাল মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকে পলি নিখোঁজ ছিল।

এ ঘটনায় তার বাবা আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মিললেও রবিবার সকালে বাড়ির কাছের একটি জমির পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা হেলাল মিয়া অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তার দাবি, যেখান থেকে মরদেহ পাওয়া গেছে, সেখানে আগে একাধিকবার খোঁজ করা হলেও কিছু পাওয়া যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।