প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি : গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি : গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে

ফাইল ছবি

 

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন ও ল্যাপটপসহ মালামাল চুরির ঘটনায় করা মামলায় অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ও স্টোর ইনচার্জ মো. জিয়াদ আলী বিশ্বাসসহ তিনজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডকৃত অপর দুই আসামি হলেন-স্টোর কিপার (মাস্টার রোল) হুমায়ুন কবির খান ও ডাটা এন্টি অপারেটর শহিদ হোসাইন।

রবিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজহার থেকে জানা যায়, গত ১ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিরপুর-২ এর নতুন ভবনের ২য় তলার স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১৫-২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ১ মে অজ্ঞাতনামা পাঁচজন ব্যক্তি কৌশলে তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করে।

এ ঘটনায় স্টোরে থাকা ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত ও ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকি ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বাদী একটি মামলা করেন।

 

সূত্র : বাসস