বিদায়ের পথে মুম্বাই, কারণ জানালেন কোচ

বিদায়ের পথে মুম্বাই, কারণ জানালেন কোচ

ছবি: সংগৃহীত

চেন্নাই সুপার কিংসের কাছে হেরে আইপিএলের প্লে অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জাসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক বর্মারা প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না। খাতায়-কলমে শক্তিশালী দল গড়েও কেন এই অবস্থা মুম্বাইয়ের? গতকাল চেন্নাইয়ের কাছে হারের পর সেই ব্যাখ্যা দিয়েছেন কোচ মাহেলা জয়াবর্ধনে।

পাঁচ বারের চ্যাম্পিয়নদের এ বার চেনা যাচ্ছে না। গতকালও খেলেননি রোহিত শর্মা। ৯ টি ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ার দল জিতেছে দুটি। এমন পারফরম্যান্সের পর জয়াবর্ধনে দলের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন। সূর্যকুমার সম্পর্কে মুম্বাই কোচের বক্তব্য, 'আমার মনে হয় না সূর্যকুমারের পারফরম্যান্সে ঘাটতি রয়েছে। পর পর ম্যাচে বড় রান করার ক্ষমতা রয়েছে তার। যে কোনও দিন বড় রান পাবে।'

'আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ছন্দে ফিরবে সূর্যকুমার। চেন্নাইয়ের বিপক্ষে শুরুটা কিন্তু খারাপ করেনি। বোলারদের ওপর ছড়ি ঘুরানোর চেষ্টা করেছে। আর দুই-এক ওভার থাকলে ভালো রান করে ফেলত।'-যোগ করেন তিনি।

ভাগ্যও সহায়তা করছে না মুম্বাইকে বলে মনে করেন জয়াবর্ধনে, 'কখনও কখনও পরিস্থিতি অনুকূলে থাকে না। সে সময় কিছুই ঠিকঠাক হয় না। আমার মতে চেন্নাই ম্যাচে সূর্যের একটা বেশ ভালো শট সরাসরি ফিল্ডারের হাতে চলে গেছে। নিশ্চিতভাবে সে বড় ইনিংস খেলার জন্য প্রস্তুত। ফর্মেও রয়েছে। বড় শট খেলতে গিয়ে কয়েকবার বাউন্ডারির কাছে ক্যাচ আউট হয়েছে। বড় রান পাওয়া সময়ের ব্যাপার। আমার মনে হয়, সূর্যকুমার নিজেও হতাশ। তাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।'

তিলককেও কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন জয়াবর্ধনে, 'তিলক এখনও শিখছে। তাকে বিভিন্ন ভূমিকা পালন করতে দেওয়া হচ্ছে। সেই দায়িত্বগুলো পালনও করছে। এটা টি-টোয়েন্টি ক্রিকেট মোটেও সহজ নয়। বিভিন্ন পরিস্থিতিতে খেললে অভিজ্ঞতা বাড়ে।'

বুমরাহও এ বার চেনা ফর্মে নেই। উইকেট পাচ্ছেন না। তাকে নিয়ে কিছু দিন ধরেই প্রশ্ন উঠছে। তবে জয়াবর্ধনে বিশ্বের অন্যতম সেরা বোলারকে নিয়ে চিন্তিত নন। বুমরাহকে নিয়ে তিনি বলেছেন, 'এটা শুধু বুমরাহর ব্যাপার নয়। পুরো বোলিং বিভাগের দায়িত্ব উইকেট নেওয়া। সবাই একসঙ্গে চেষ্টা করলে, দুই-একটা উইকেট পড়লে বুমরাহ সাহায্য পাবে। আরও আগ্রাসী বোলিং করতে পারবে।'