কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ’র চমক!
সংগৃহীত
দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় গণনা শুরু হওয়ার পর থেকেই ক্ষমতাসীন বাম জোটকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)।
সংবাদমাধ্যম এনডিটিভির সবশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, বড় ধরনের চমক সৃষ্টি করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে ইউডিএফ। ১৪০ আসনের এই রাজ্যের বিধানসভায় ইউডিএফ ৮৪টি আসনে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, ক্ষমতাসীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে আছে ৪৪টি আসনে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ৩টি আসনে এগিয়ে রয়েছে।
কেরালার ১৪০ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যেকোনো দল বা জোটকে ৭১টি আসনে জয়ী হতে হবে। ২০২১ সালের নির্বাচনে এ রাজ্যে এলডিএফ ৯২ আসন পেয়ে সরকার গঠন করেছিল। অন্যদিকে ইউডিএফ ৪০ আসনে জয়লাভ করে বিরোধীদল হয়েছিল।
গত ৯ এপ্রিল রাজ্যের সবকটি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ৭৯ দশমিক ৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে লড়ছেন ৮৮০ জনের বেশি প্রার্থী।
এদিকে পশ্চিমবঙ্গে গণনা হওয়া ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এনডিটিভি-র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল এগিয়ে রয়েছে ৯৬ আসনে। আর বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে
এছাড়া তামিলনাড়ুতে প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১১০ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে ভোট গণনায় এখন পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে। দলটি এগিয়ে রয়েছে ৫২ আসনে। এছাড়া এ রাজ্যটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে এডিএমকে জোট। তারা ৭১ আসনে এগিয়ে রয়েছে।