ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা

ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে সংবাদমাধ্যমকে দেয়া প্রথম বিবৃতিতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চালানোর অভিযোগ করেছেন। প্রবণতা অনুযায়ী, বাংলায় প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে মমতা তার সমর্থকদের বলেছেন, আমরা আপনাদের সঙ্গে আছি, ভয় পাবেন না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি ভিডিও বিবৃতিতে বলেছেন যে, বিজেপি একটি পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে তাদের ফলাফল প্রকাশ করবে, এ কথা তিনি জানতেন এবং ভবিষ্যদ্বাণীও করেছিলেন, কিন্তু তিনি ও তার দল বাঘশাবকের মতো লড়বে।

প্রতিবেদন অনুযায়ী বিজেপি ১৯০টি আসনে এগিয়ে রয়েছে, এরপর ৯৯টি আসনে রয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪টি আসন রয়েছে। 

এদিকে, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকা শুদ্ধিকরণ অভিযানের কড়া সমালোচক ছিলেন ব্যানার্জি, যার ফলে ৮৯ লক্ষ ভোটার বা রাজ্যের মোট নির্বাচকমণ্ডলীর প্রায় ১১ দশমিক ৬ শতাংশকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল।

ব্যানার্জি অভিযোগ করেন, ‘আমি সমস্ত গণনা এজেন্ট এবং প্রার্থীদের গণনা এলাকা ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করছি। এটা বিজেপির পরিকল্পনা। গতকাল থেকে আমি বলে আসছি যে, প্রথম দুই-তিন রাউন্ডে তারা প্রথমে তাদের ফলাফল এবং পরে আমাদের ফলাফল দেখাবে।’

‘প্রায় ১০০টি জায়গায় দুই-তিন রাউন্ডের পর গণনা বন্ধ করে দেয়া হয়েছে। কল্যাণীতে সাতটি মেশিন পাওয়া গেছে যেগুলোর কোনো মিল ছিল না। এটি সর্বত্র তৃণমূল কংগ্রেসকে দমন করার জন্য কেন্দ্রীয় বাহিনীর সম্পূর্ণ বলপ্রয়োগ, অফিস ভাঙা এবং জোর করে সেগুলো দখল করা।’ তিনি বলেন।

‘আপনারা দেখেছেন, যে আসনগুলো জেতা সম্ভব ছিল, সেগুলো জেতার জন্য তারা এসআইআর-এর নামে কীভাবে ভোট লুট করেছে। কিন্তু এখনও ৭০-১০০টি আসন আছে যেখানে আমরা এগিয়ে আছি, যা তারা জানাচ্ছে না। তারা পুরোপুরি মিথ্যা খবর ছড়াচ্ছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে নিজেদের ইচ্ছামতো খেলছে। আমাদের পুলিশ কেন্দ্রীয় বাহিনীর অধীনে সম্পূর্ণ বশ্যতা স্বীকার করে কাজ করছে।’ মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। 

তিনি বলেন, ‘আমি আমাদের সমস্ত গণনাকারী এজেন্ট এবং আমাদের দলের সমস্ত কর্মীদের বলব এত হতাশ না হতে। আমি বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড গণনা হয়ে গেলেও, মোট ১৪-১৮ রাউন্ড বাকি আছে। আপনারা তখন জিতবেন। অপেক্ষা করুন এবং দেখুন। আমরা আপনাদের সঙ্গে আছি। ভয় পাবেন না। আমরা বাঘশাবকের মতো লড়ব।’ মমতা বলেন। 

সূত্র:এনডিটিভি