মায়ামি জিপিতে অ্যান্টোনেল্লির হ্যাটট্রিক জয়
কিমি অ্যান্টোনেল্লি
রোমাঞ্চে ভরা মায়ামি গ্র্যান্ড প্রিঁ'তে দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন তরুণ ইতালিয়ান ড্রাইভার কিমি অ্যান্টোনেল্লি। তিনি হারিয়েছেন ল্যান্ডো নরিসকে এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের লিড বাড়িয়ে করেছেন ২০ পয়েন্ট।
পোল পজিশন থেকে শুরু করেও শুরুতেই তৃতীয় স্থানে নেমে যান অ্যান্টোনেল্লি। তবে একমাত্র পিটস্টপ পর্বে কৌশলী ‘আন্ডারকাট’ ব্যবহার করে নরিসকে পেছনে ফেলেন তিনি। পিট এক্সিটে দুই চালকের হুইল-টু-হুইল লড়াই শেষে লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন মার্সিডিজ তারকা।
মাত্র ১৯ বছর বয়সে টানা প্রথম তিনটি গ্রাঁ প্রি জয়ের নজির গড়ে অ্যান্টোনেল্লি, জায়গা করে নিলেন ডেমন হিল ও মিকা হাক্কিনেন-এর পাশে।
তার সতীর্থ জর্জ রাসেল শেষ দিকে দুর্দান্ত ড্রাইভ করে চতুর্থ হন। তিনি পেছনে ফেলেন ম্যাক্স ভার্স্টাপেন ও চার্লস লেক্লার্ককে।
ম্যাকলারেনের অস্কার পিয়াস্ত্রি শেষ মুহূর্তে লেক্লার্ককে পাস করে পডিয়াম নিশ্চিত করেন। অন্যদিকে, শুরুতে স্পিন করা ভার্স্টাপেন শেষ পর্যন্ত পঞ্চম হন।