পেটের ভেতরে করে ইয়াবা পাচারকারী ৪ রোহিঙ্গা গ্রেফতার

পেটের ভেতরে করে ইয়াবা পাচারকারী ৪ রোহিঙ্গা গ্রেফতার

ফাইল ছবি

মাদক পাচারের চরম নোংরা ও ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না চার রোহিঙ্গা মাদক কারবারির। চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় পেটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় ১৯,৫০০ পিস ইয়াবাসহ সিন্ডিকেটের ৪ হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫।

 

র‌্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি রোহিঙ্গা মাদক কারবারি চক্র ইয়াবার একটি বড় চালান নিয়ে কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে চট্টগ্রামের দিকে যাচ্ছে। সংবাদের ভিত্তিতে গত ৩ মে রাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ঠাকুরদিঘী বাজার এলাকার রেস্টুরেন্টে এর সামনে মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কক্সবাজার হতে চট্টগ্রামগামী একটি লোকাল বাস থেকে নামা ৪ জন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় র‌্যাবের চৌকস দল তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তাদের পেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে রিপোর্টের মাধ্যমে তাদের পেটে ইয়াবা সদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত হয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বিশেষ প্রক্রিয়ায় তাদের পেট থেকে ইয়াবাগুলো পায়ুপথে নির্গত মলের মাধ্যমে উদ্ধার করা হয়। ৪ জনের শরীর থেকে সর্বমোট ১৯,৫০০ (উনিশ হাজার পাঁচশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, পাচারের উদ্দেশ্যে প্রতিটি পুটলিতে অর্ধশতাধিক ইয়াবা কয়েক স্তরে পলিথিন ও কসটেপ দিয়ে মুড়িয়ে তারা কলা বা পাউরুটির সাথে গিলে ফেলে। গন্তব্যে পৌঁছানোর পর তারা বিশেষ সিরাপ ও সবজি খেয়ে মল ত্যাগের মাধ্যমে এই ইয়াবাগুলো বের করে আনে। জীবনের ঝুঁকি নিয়ে করা এই পদ্ধতিটি যেমন ভয়ংকর, তেমনি চরম কুরুচিপূর্ণ ও নোংরা। গ্রেফতারকৃত আসামীগণ সকলেই রোহিঙ্গা নাগরিক।
এরা হলো, জিয়াউর রহমান (৩৫), এফসিএন নং-১৩৫৫৪৭,  মো: সাকের (২৮), এফসিএন নং-১০৭৩১৩, আবু তৈয়ব (৩৫), এফসিএন নং-৬০১৬১৪, জাফর মিয়া (৪০)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাব-১৫ এর এই ধরণের আপোষহীন অভিযান অব্যাহত থাকবে।