মারা গেলেন বিশ্বখ্যাত জনপ্রিয় অভিনেতা বিউ স্টার

মারা গেলেন বিশ্বখ্যাত জনপ্রিয় অভিনেতা বিউ স্টার

ছবিঃ সংগৃহীত।

বিশ্বখ্যাত জনপ্রিয় অভিনেতা বিউ স্টার মারা গেছেন। মৃত্যুকালে এই হলিউড অভিনেতার বয়স হয়েছিল ৮১ বছর। তার ছোট ভাই, অভিনেতা মাইক স্টার এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইক স্টার জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) স্বাভাবিক কারণে মারা যান বিউ স্টার। তিনি বলেন, তার ভাই ছিলেন অনেকের প্রিয় এবং অত্যন্ত বিশেষ একজন মানুষ, যিনি তার জীবনে গভীর প্রভাব রেখেছেন।

বিউ স্টার সবচেয়ে বেশি পরিচিত ছিলেন মার্টিন স্করসেসি পরিচালিত চলচ্চিত্র ‘গুডফেলাস’-এ হেনরি হিলের বাবার চরিত্রে অভিনয়ের জন্য। তার মৃত্যুর পর সহ-অভিনেতা ক্রিস্টোফার সেরোনে সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

অভিনয়ে আসার আগে বিউ স্টার খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় নিউইয়র্ক জেটসের অনুশীলন দলে ছিলেন এবং পরে কানাডিয়ান ফুটবল লিগেও খেলেছেন।

তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় কমেডি শো ‘বিজার’ দিয়ে। এরপর ১৯৮২ সালের চলচ্চিত্র ‘হ্যাঙ্কি প্যাঙ্কি’-তে প্রথম বড় পর্দায় দেখা যায় তাকে। পরবর্তীতে ‘হ্যালোউইন’ সিরিজে শেরিফ বেন মিকার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান।

এ ছাড়া তিনি দীর্ঘদিন কানাডিয়ান ক্রাইম-কমেডি ড্রামা সিরিজ ‘ডিউ সাউথ’-এ অভিনয় করেন, যেখানে ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মোট ৬৬টি পর্বে অংশ নেন।

তার মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।