কাউয়াদিঘী হাওরে ধানবোঝাই নৌকাডুবি, প্রাণ গেল শ্রমিকের

কাউয়াদিঘী হাওরে ধানবোঝাই নৌকাডুবি, প্রাণ গেল শ্রমিকের

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে রঞ্জন বাউরী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টার বাসুদেব বাউরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরী ও মালিক পক্ষের লোক আনকার মিয়া গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকা দিয়ে বাড়ি ফিরছিলেন।

এসময় রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার নামক স্থানে হঠাৎ ধানবোঝাই নৌকা ডুবে যায়। আনকার মিয়া সাঁতার কেটে অল্পের জন্য বেঁচে গেলেও চা শ্রমিক রঞ্জন পানিতে পড়ে ডুবে যান। স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় আব্দুর রউফ বলেন, ‘রঞ্জন ধান কাটা শ্রমিক হিসেবে ১৫-২০ দিন ধরে কাউয়াদীঘি এলাকার অনেক কৃষকের ধান কাটার কাজ করছিলেন।

তার এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।’

রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া বলেন, ‘নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তার স্বজনদের খবর দিয়েছি, তারা এসেছে। তাদের সঙ্গে আলাপ করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।