তিন দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র সৌরভের
ফাইল ছবি
তিন দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র সৌরভ দাসের। সন্তানের খোঁজ না পেয়ে কান্না যেন থামছেই না মা মিতু রানীর। সৌরভ দাস বরিশাল কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২ মে) নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হয় সে।
নিখোঁজের মা মিতু রানী বলেন, ‘খিচুড়ি কেনার জন্য বিকাশ থেকে টাকা তুলতে মায়ের স্মার্টফোন নিয়ে বাসা থেকে বের হয় সৌরভ। কিন্তু দীর্ঘ সময়েও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ভাটিখানা প্রাইমারি স্কুল মাঠ থেকে এক ব্যক্তি তার বাটন ফোনটি কুড়িয়ে পেয়ে ফেরত দেন। কিছুসময় পর পুলিশ একই স্থান থেকে তার মায়ের স্মার্টফোন উদ্ধার করে।
’
তার দাবি, ‘৫০০ টাকার পরিবর্তে সৌরভ বিকাশ থেকে ৮ হাজার ৫০০ টাকা উত্তোলন করে। যা তার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। দোকানদারও ধারণা দিয়েছেন, সৌরভের সঙ্গে অন্য কেউ থাকতে পারে।
মিতু রানী বলেন, ‘যত টাকা লাগুক, আমার ছেলেকে ফেরত চাই।
ফোন হাতে বসে থাকি, কিন্তু কোনো ফোন আসে না। ওরা আমার ছেলেকে কী করেছে আমি জানি না। আমার ছেলে খুবই সহজ-সরল। যেখানে থেকে রিকশায় উঠেছে, সেখানে তার যাওয়ার কথাই না। কেউ তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছে।
’
এদিকে সিসিটিভি ফুটেজে সৌরভকে একাই রিকশায় করে অন্যত্র যেতে দেখা গেছে। ওই রিকশাচালককে শনাক্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, নিখোঁজ সৌরভকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।