বরিশালে নেশাজাতীয় ইনজেকশনসহ দম্পতি আটক
প্রতিকি ছবি
বরিশাল নগরীর একটি বাসা থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনের অ্যাম্পুলসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নগরীর বগুড়া রোড মুন্সী গ্যারেজ এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে হানিফুর রহমান হৃদয় রিদু (৩২) এবং তার স্ত্রী ফাবিহা মিনহা রেখা (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হোসেন খান জানান, ফরেস্টারবাড়ি রোডের বাদামতলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে তাদের বাসা থেকে ১০০ অ্যাম্পুল জি-মরফিন, ১৫৫ অ্যাম্পুল ডায়াজিয়াম (ইজিয়াম), ৪৫ অ্যাম্পুল সিভিল এবং ২৪০ অ্যাম্পুল ফ্যানারেক্স জব্দ করা হয়।
এ ঘটনায় দম্পতির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।