লক্ষ্মীপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৫ মাদকসেবীর সাজা
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদকসেবীকে আটক করেছে। এরমধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর ছিল। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলেও অপর ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও হাবিবুর রহমান আটকদের সাজা দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবীদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রবিন, মাসুদুর রহমান মাসুদ, মো. সুমন, ইব্রাহিম হোসেন ও কলিম উদ্দিম মুসা। তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সুমন ইয়াবা কারবারি বলে জানিয়েছে মাদকদ্রব্য অধিদপ্তর।
মুসার সহযোগী পরিচয়ে ১৪ বছরের এক কিশোরকেও ঘটনার সময় আটক করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত রবিন সদর উপজেলার চররুহিতা মোল্লা বাড়ির কালা মিয়ার ছেলে, মাসুদ লক্ষ্মীপুর পৌর শহরের হেদায়েত উল্লাহর ছেলে, সুমন সাহাপুর এলাকার আবুল কালামের ছেলে, ইব্রাহিম একই এলাকার আলি কমিশনারের পুরাতন বাড়ির আবুল কাশেমের ছেলে ও মুসা বাঞ্চানগর এলাকার ইয়াসিন সর্দার বাড়ির আবুল কাশেমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটক রবিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, ইব্রাহিমকে ৫০০ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মুসাকে ৯০০ টাকা জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মাসুদকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং সুমনকে ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, মাদকদ্রব্যসহ আটক ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। অন্যজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।