দক্ষিণ আফ্রিকায় কুমিরের পেটে মিলল ব্যবসায়ীর দেহাবশেষ
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার কোমাতি নদীতে নিখোঁজ এক হোটেল ব্যবসায়ীর দেহাংশ উদ্ধার হয়েছে একটি বিশাল আকৃতির কুমিরের পেট থেকে। উদ্ধারকারী দলের এক সাহসী অভিযানের পর এ চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
নিহত ৫৯ বছর বয়সী গ্যাব্রিয়েল বাতিস্তা স্থানীয় একটি হোটেলের মালিক ছিলেন। গত সপ্তাহে বন্যার স্রোতে ভেসে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর কয়েক দিন ধরে কুমির অধ্যুষিত নদীতে তল্লাশি চালায় উদ্ধারকারী দল।
অভিযান চলাকালে একটি প্রায় ১৫ ফুট লম্বা কুমিরকে অস্বাভাবিকভাবে স্থির অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় উদ্ধারকারীদের। পরে হেলিকপ্টারের সহায়তায় কুমিরটিকে নদী থেকে তুলে আনা হয়। জানা গেছে, কুমিরটি অতিরিক্ত খাওয়ার কারণে এতটাই ভারী হয়ে পড়েছিল যে নড়াচড়া করতে পারছিল না।
পরবর্তীতে কুমিরটিকে হত্যা করে তার পেট কেটে দেখা হলে ভেতর থেকে দুটি বিচ্ছিন্ন হাত, পাঁজরের হাড়ের অংশ এবং মাংসপিণ্ড উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো নিখোঁজ ব্যবসায়ী বাতিস্তার দেহাংশ।
তবে আরও উদ্বেগজনক বিষয় হলো, কুমিরটির পেট থেকে ছয় জোড়া জুতাও পাওয়া গেছে, যা বাতিস্তার নয় বলে ধারণা করা হচ্ছে। এতে আশঙ্কা করা হচ্ছে, ওই কুমিরটি আরও কয়েকজন নিখোঁজ ব্যক্তির ওপর হামলা চালিয়ে থাকতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। এছাড়া ওই এলাকায় আরও বড় কুমির থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ