বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বৃহত্তর পরিকল্পনা আছে : মাহদী আমিন

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বৃহত্তর পরিকল্পনা আছে : মাহদী আমিন

ফাইল ছবি

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের মাধ্যমে দেশকে আরো বিনিয়োগ উপযোগী করা হবে। ’

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ক্রাইসিস সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সরকার জনগণের পাশে থেকে দেশের শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। ’

মাহদী আমিন বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে অবস্থান করছে।

এ শিল্পকে বিশ্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। ’

তিনি আরও বলেন, ‌‌‘নারায়ণগঞ্জ দেশের শিল্প ও টেক্সটাইল খাতের অন্যতম প্রধান কেন্দ্র। এখানকার শিল্প-কারখানার উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে শিল্প উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।