মাদারীপুর সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে নিহত ১
প্রতিকি ছবি
মাদারীপুরের রাজৈরে সুদের টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে রহিম সরদার (৪৮) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। শনিবার (৯ মে) রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চুন্নু শেখের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
মৃত রহিম সরদার একই গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রহিম সরদার ঢাকায় ভ্যানে করে পোলাও সুগন্ধি চাল বিক্রির ব্যবসা করতেন।
সুদের পাওনা টাকা নিয়ে একই গ্রামের আসাদ বেপারী (৫০) ও তার ছেলে দিদার বেপারীর (২৩) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে রহিম সরদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এরপর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।