ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন
ছবি: সংগৃহীত
অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন।
রোববার (১০ মে) উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম তাকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ইসরাফিল রতন এত দিন সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) বরাবর পদত্যাগপত্র পাঠান শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
পদত্যাগের কারণ হিসেবে সদস্য সাবেক এই প্রক্টর বলেন, ‘আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই এখন পরিবারকে একটু সময় দিতে চাই।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাইফুদ্দীন আহমদ।