বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত

বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালি বাংলাদেশে তৈরি পোশাক, খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহী। রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ইতালির রাষ্ট্রদূত জানান, ইতালি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

এ সময় ইতালির দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি (মেশিনারিজ) ক্রয়ের আহ্বান জানানো হয়, যা বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশে ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে সফর ও প্রীতি ম্যাচ আয়োজনের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির মধ্যে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বাণিজ্য, সামরিক, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।