মেঘনায় গোসলে নেমে কলেজশিক্ষার্থীর মৃত্যু

মেঘনায় গোসলে নেমে কলেজশিক্ষার্থীর মৃত্যু

প্রতিকি ছবি

নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে বিএফ শাহিন কলেজের এইচএসসি ১ বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়ার ৪ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত মাহির শাহরিয়ার ঢাকার বিএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১ এলাকার জহিরুল ইসলামের ছেলে।
নিহত মাহিরের সহপাঠী ওয়ালী জানান, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ভ্রমণে আসে। বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে তারা নাগরিয়া কান্দি মেঘনা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে মাহিরসহ তিনজন তলিয়ে যেতে থাকে। উপস্থিত অন্য শিক্ষার্থীরা দুজনকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানায় মাহির পানির নিচে তলিয়ে যায়। পরে সহপাঠীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঢাকা থেকে এসে উদ্ধার কাজ শুরু করেন। ডুবে যাওয়ার প্রায় ৪ ঘন্টা পর নিখোজ শিক্ষার্থীর মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থলে দেখতে আসা স্থানীয় বাসিন্দা নাসরিন বেগম বলেন, প্রায় সময় এখানে এমন দুর্ঘটনা ঘটে। তারপরও অনেকেই এখানে ঘুরতে এসে নদীতে নামে। আজও কলেজে না গিয়ে ঢাকা থেকে শিক্ষার্থীরা এখানে এসেছে। এখন একজনের মৃত্যু হলো।

ফায়ার সার্ভিস ডুবুরি দলের প্রধান ও বিভাগীয় লিডার মোতালিব হোসেন জানান, দুপুর সোয়া ১টার দিকে খবর পেয়ে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়। পরে বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে আধা ঘণ্টার চেষ্টায় মাহিরের মরদেহ উদ্ধার করা হয়।