মুন্সীগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আটক

মুন্সীগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আটক

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান খান (৮৪) নামে এক সাবেক ইউপি সদস্যকে (ইউনিয়ন পরিষদের মেম্বার) আটক করেছে পুলিশ। 

বুধবার (১৩ মে) বিকাল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং সৈয়দপুর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।

পুলিশ জানায়, নিজ বাড়ি সৈয়দপুরে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য হাসান খানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।

তিনি আরও জানান, আটক হাসান খানের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।