লক্ষ্মীপুরে নতুন উপজেলা পেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে নতুন উপজেলা পেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ মিছিল

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর সদরকে বিভক্ত করে নতুন করে চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেছেন।

বুধবার (১৩ মে) দুপুরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ আয়োজন করে। মিছিলটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কসহ চন্দ্রগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে এতে বিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা সমাবেশে প্রধান শিক্ষক বক্তব্য রাখেন। তাদের মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করায় আমরা খুবই আনন্দিত। এজন্য ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে আনন্দ মিছিল করেছি। চন্দ্রগঞ্জকে উপজেলা অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া নতুন এ উপজেলার সার্বিক উন্নয়ন কামনা করছি।

জানা গেছে, ৭ মে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এসময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জসহ পৃথক চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২ জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে ৯ টি ইউনিয়নকে সংযুক্ত করে চন্দ্রগঞ্জ পৃথক থানা ঘোষণা করা হয়। সদরের পূর্বাঞ্চলের ইউনিয়নগুলো হল বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চারশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী। থানা ঘোষণার পর হতেই স্থানীয় বাসিন্দাদের অন্যতম দাবি ছিল চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা ঘোষণা করার।