দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণে অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে হিজবুল্লাহ। খবর শাফাক নিউজের।

লেবাননের গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার নাবাতিয়েহ ও টাইর জেলার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়। আলি আল-তাহের পাহাড়ি এলাকা, ইয়োহমোর আল-শাকিফ, কফারতেবনিত ও জেবশিত শহরে ব্যাপক বোমাবর্ষণ হলেও সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ছাড়া আরনুন, ফ্রুন ও জিবদিন এলাকায় গোলাবর্ষণে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। হারিস ও দেইর আল-জাহরানিতেও পৃথক হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে তারা প্রায় ৬৫টি সামরিক অভিযান চালিয়েছে। তাদের দাবি, এসব অভিযানে হিজবুল্লাহর ২০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে ৮ হাজার ৫০০টির বেশি ইসরায়েলি হামলায় ২ হাজার ৮৯৬ জন নিহত এবং ৮ হাজার ৮২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।