কারাগারে খুনের রহস্য খুঁজবেন উইল স্মিথ
ফাইল ফটো
নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা সুপারম্যাক্স-এ অভিনয় করতে যাচ্ছেন হলিউড তারকা উইল স্মিথ। সিনেমাটিতে তাকে দেখা যাবে এফবিআই এজেন্টের ভূমিকায়। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলোর একটিতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্ত করবেন তিনি।
হলিউডভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির স্বত্ব প্রায় ৭ কোটি ডলারে কিনেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫০ কোটি টাকার বেশি।
জানা গেছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির বদলে সরাসরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সিনেমাটি পরিচালনা করবেন ড্যাভিড গরডন গ্রিন। তিনি ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’ নির্মাণে জন্য পরিচিত।
উল্লেখ্য, ২০২২ সালে অস্কার অনুষ্ঠানে কৌতুক অভিনেতা ক্রিস রক-কে চড় মারার ঘটনার পর উইল স্মিথের ক্যারিয়ারে বড় ধাক্কা আসে। ওই ঘটনার জেরে তাকে ১০ বছরের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস থেকে নিষিদ্ধ করা হয়। পরে তার কয়েকটি প্রকল্প স্থগিত হলেও ধীরে ধীরে আবারও কাজে ফিরেছেন তিনি। ২০২৪ সালে মুক্তি পায় ব্যাড বয়েজ: রাইড অর ডাই। এছাড়া সম্প্রতি ‘বেল-এয়ার’ সিরিজেও অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।
উইল স্মিথ সর্বশেষ ন্যাশনাল জিওগ্রাফিকের ডকুমেন্টারি সিরিজ 'পোল টু পোল উইথ উইল স্মিথ' উপস্থাপনা করেছেন। তবে ‘সুপারম্যাক্স’-এর মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।