বেগমগঞ্জে বিএনপি ও যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন ও যুবদল নেতা শাকিলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি নেতা নিজাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও (দপ্তর সম্পাদক দায়িত্ব) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাসসহ অন্যরা।
প্রধান অতিথি ও বক্তারা হামলার তীব্র প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, একটি গুপ্ত সংগঠনের কর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা করেছে। এ ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।
তারা আরও বলেন, নেতাকর্মীরা ইচ্ছে করলে কোনো ধরনের জবাব দিতে পারত। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর নির্দেশে পালটা জবাব দেইনি। আমরা শান্তি চাই, সেজন্যই আমরা আইনগতভাবে মামলা করেছি।
উল্লেখ্য, গুরুতর আহত দুই নেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।