বিছানাকান্দিতে গোসলে নেমে স্রোতে তলিয়ে গেলেন পর্যটক
প্রতিকি ছবি
সিলেটের বিছনাকান্দি পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। পানিতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গেছেন শান্ত বণিক নামের ওই পর্যটক।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শান্ত বণিক ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে তিনি সিলেট ভ্রমণে এসেছিলেন।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ১১ জনের একটি গ্রুপ বিছনাকান্দি বেড়াতে গিয়েছিল। বিছানাকান্দি নদীতে গোসল করতে নামেন তারা। হঠাৎ উজান থেকে ঢল নামলে স্রোতের টানে শান্ত বণিক তলিয়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ট্যুরিস্ট ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালান। কিন্তু তারাও শান্তর কোনো সন্ধান পাননি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে রাত সোয়া ৯টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।