বরিশালে হামের উপসর্গে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
শুক্রবার বিষয়টি জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ৬ জেলার সরকারী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২০ জনকে ভর্তি হয়েছে।
মারা যাওয়া শিশু ১৯ মাস বয়সী আফিয়া বরগুনার আমতলী উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু হানিফের কন্যা।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী, শিশু আফিয়াকে ১২ মে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মারা গেছে। এ নিয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভোলায় ৬, বরগুনায় ৫ ও ঝালকাঠিতে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মারা গেছে ৩৩ জন। এরমধ্যে তিন জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বিভাগের সরকারি হাসপাতালে পাঁচ হাজার ২৮২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ১৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৯২১ জন।