মহাকাশে ‘লো আর্থ অরবিট স্যাটেলাইট’ পাঠানোর পরিকল্পনা করছে সরকার

মহাকাশে ‘লো আর্থ অরবিট স্যাটেলাইট’ পাঠানোর পরিকল্পনা করছে সরকার

ফাইল ফটো

বাংলাদেশের মহাকাশ প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করতে সরকার শিগগিরই লো আর্থ অরবিট (LEO) ভিত্তিক নতুন স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।  সোমবার (১৮ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, এই নতুন প্রযুক্তির স্যাটেলাইট স্থাপিত হলে বর্তমানের চেয়ে আরও নিখুঁত, স্বচ্ছ এবং কার্যকরী তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন যে, আধুনিক যুগে মহাকাশ প্রযুক্তি কোনো বিলাসিতা নয়, বরং এটি জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে অপরিহার্য অবকাঠামো হিসেবে কাজ করছে। বিশেষ করে দুর্যোগের পূর্বাভাস এবং উপকূলীয় নিরাপত্তার ক্ষেত্রে এই এলইও (LEO) স্যাটেলাইট বৈপ্লবিক পরিবর্তন আনবে।

সেমিনারে মন্ত্রী আরও জানান, ড্রোন প্রযুক্তি এখন আর কেবল ফটোগ্রাফির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সীমান্ত নিরাপত্তা ও কৃষি ব্যবস্থাপনায় কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। মহাকাশ গবেষণার তথ্য-উপাত্ত সঠিকভাবে কাজে লাগাতে তিনি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান।