সরকার ভূমি সেবাকে আরও সহজ করতে চায় : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সরকার ভূমি সেবাকে আরও সহজ করতে চায় : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, বর্তমান জনবান্ধব সরকার নাগরিকদের ভূমি সেবা প্রাপ্তিকে সহজ করতে চায়। এই লক্ষ্যে সব সেবাকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আয়োজিত ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আজ মঙ্গলবার এ কথা বলেন। নাটোর জেলা প্রশাসন কালেক্টরেট ভবন চত্বরে তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলা আয়োজন করেছে।

ফারজানা শারমীন বলেন, বর্তমান জনবান্ধব সরকার ভূমি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তিকে সহজ করা হচ্ছে। অনিয়ম ও সময়ক্ষেপণ রোধ করতে সেবা প্রদান কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ভূমিসেবা মেলা আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সমাজে ভূমি বিরোধ কাঙ্ক্ষিত নয়। এসব বিরোধ নিষ্পত্তি করতে লিগ্যাল এইড অফিস এবং গ্রাম আদালত কাজ করছে। সরকারের এসব প্রতিষ্ঠানে অনায়াসে ভূমি বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। সরকার সব ধরনের নাগরিক সেবা প্রাপ্তিকে গতিশীল করতে কাজ করছে। সরকারি দপ্তরে সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে আমরা দায়িত্ব পালন করতে চাই।  

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন প্রমুখ।

এর আগে আজ সকাল সাড়ে নয়টায় কালেক্টরেট ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

মেলায় আটটি স্টলে ভূমিসংক্রান্ত নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে মেলা প্রাঙ্গণে গণশুনানির আয়োজন করা হয়েছে। মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারি সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও মেলার তিন দিন ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। জেলার অন্য ছয়টি উপজেলায়ও জেলার অনুরূপ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।