শাহ আলী মাজারে হামলা : রিমান্ড শেষে ৩ জন কারাগারে
ফাইল ছবি
রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।
আজ মঙ্গলবার (১৯ মে) দুই দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১৭ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মাজারভক্তদের মারধর শুরু করে। এ ঘটনায় ১৬ মে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এক মাজারভক্ত নারী।