ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গাজীপুর মহাসড়কে বিজিবি মোতায়েন

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গাজীপুর মহাসড়কে বিজিবি মোতায়েন

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) উদ্যোগে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে সড়কে বাড়তি যানবাহনের চাপ সামাল দেওয়া এবং জনদুর্ভোগ কমাতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্ন যান চলাচল বজায় রাখতে তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মানুষ যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

জনস্বার্থে বিজিবির প্রশংসনীয় এই উদ্যোগ ঈদে ঘরমুখো মানুষের যাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে মনে করেন।  

এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে নানা ধরনের প্রস্তুতি। 

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, ঈদে ঘরমুখো মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ, ড্রোনের টহলও বাড়ানো হবে।  

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) আশরাফুল আলম বলেন, ঈদযাত্রায় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের বিশেষ টিম মাঠে থাকবে। পশুর হাটের কারণে কোনো স্থানে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।