সামান্য কমেছে সবজির দাম, মাছ মুরগি চড়া

সামান্য কমেছে সবজির দাম, মাছ মুরগি চড়া

সংগৃহীত ছবি

রাজধানীর বাজারে এখনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তবে সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে। অধিকাংশ সবজিই ৬০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহে ৮০-১০০ টাকা ছিল। ডিমের দাম সামান্য কমেছে। মুরগি-মাছ চড়া দামেই বিক্রি হচ্ছে। গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, পটোল, ঢ্যাঁড়শ ৫০-৬০, ঝিঙা, করলা, চিচিঙ্গা, ধুন্ধল, বরবটি ৬০-৮০, আলু ২০-২৫, কাঁচা মরিচ ১০০, টম্যাটো, পেঁপে ও বেগুনের কেজি ৮০-১০০ টাকা। মাঝারি সাইজের লাউয়ের পিস ৭০-৮০ টাকা। পিঁয়াজ ৪০-৫০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৭০-১৮০ ও সোনালি মুরগি ৩২০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০-৮৫০, খাসির মাংস ১০৫০-১১০০ টাকা। ফার্মের লাল ডিম ডজনে ১০ টাকা কমে ১৪০ ও সাদা ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া হাঁসের ডিম ডজন ২০০-২২০, দেশি মুরগির ডিমের হালি ৮০-৯০ টাকা।

রুই ও কাতলা মাছের কেজি ৩২০-৩৮০, পাঙাশ ১৮০-২০০, তেলাপিয়া ১৮০-২২০, চিংড়ি ৬৫০-৭৫০, মাঝারি আকারের কই ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০-৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০, টেংরা ৫০০-৭০০, কাঁচকি ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। চিকন মসুর ১৬০-১৭০ এবং মোটা মসুর ১০০-১১০, বড় মুগ ১৪০, ছোট মুগ ১৭০, খেসারি ১০০, বুট ১১৫ এবং মাষকলাইয়ের ডাল ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল ৮৫-৮৮ ও রশিদ মিনিকেট ৭৫-৮০, নন-ব্র্যান্ডের মিনিকেট ৭০ আর দামি মিনিকেট মোজাম্মেল বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়।