ক্যালিফোর্নিয়ায় যেকোনও সময় বিস্ফোরণ, ঘর-বাড়ি ছাড়ল ৪০ হাজার বাসিন্দা

ক্যালিফোর্নিয়ায় যেকোনও সময় বিস্ফোরণ, ঘর-বাড়ি ছাড়ল ৪০ হাজার বাসিন্দা

ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ হাজার মানুষকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ শহরে অবস্থিত একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় থাকা একটি বড় স্টোরেজ ট্যাংক অতিরিক্ত গরম হয়ে যায় এবং এর ভেতর থেকে বিপজ্জনক গ্যাস বের হতে শুরু করে। ট্যাংকটিতে প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট রয়েছে।

এগুলো প্লাস্টিক ও বিমান যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।

গার্ডেন গ্রোভ ফায়ার বিভাগের প্রধান ক্রেইগ কোভি বলেন, “এই ট্যাংকটি যেকোনও সময় ফেটে যেতে পারে, আমরা জানি না কখন এটি ঘটবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ”

ঝুঁকি বাড়তে থাকায় গার্ডেন গ্রোভ ছাড়াও সাইপ্রেস, স্ট্যানটন, আনাহাইম, বুয়েনা পার্ক ও ওয়েস্টমিনস্টার শহরের কিছু অংশে জরুরি ভিত্তিতে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা না ঘটলেও পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ট্যাংকটি ফেটে গেলে রাসায়নিক পদার্থ মাটিতে ছড়িয়ে পড়তে পারে অথবা বিস্ফোরণ ঘটতে পারে।

পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকর্মীরা বালুর বস্তা দিয়ে বাধ তৈরি করছেন, যাতে কোনও রাসায়নিক পদার্থ ড্রেন বা খাল-বিল হয়ে পরিবেশে ছড়িয়ে না পড়ে। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, এই রাসায়নিক থেকে নির্গত গ্যাস শ্বাসকষ্ট, চোখ জ্বালা, বমি বমি ভাব ও মাথাব্যথার মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুটি ক্ষতিগ্রস্ত ট্যাংকের মধ্যে একটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আরেকটি এখনও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এদিকে অধিকাংশ বাসিন্দাকে হঠাৎ করে বাড়ি ছাড়তে হওয়ায় অনেকেই চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই কেবল প্রয়োজনীয় নথি ও জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হন।

গার্ডেন গ্রোভ শহরটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৮ মাইল (৬১ কিলোমিটার) দক্ষিণে এবং ডিজনিল্যান্ডের দুটি থিম পার্ক থেকে এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত। শহরটি তার প্রাণবন্ত ভিয়েতনামি জনগোষ্ঠীর জন্য পরিচিত, যা যুক্তরাষ্ট্রের যেকোনও শহরের মধ্যে অন্যতম বৃহত্তম।

প্লাস্টিক কারখানা থেকে মাত্র কয়েক ব্লক দূরে বসবাসকারী ড্যানি ফাম জানান, শুক্রবার সকাল সাতটার দিকে তিনি যখন গভীর ঘুমে ছিলেন, তখন তার রুমমেট দরজায় ধাক্কা দিয়ে তাকে অবিলম্বে চলে যেতে বলেন।