যুক্তরাষ্ট্রের আইসোলেশনের হুঁশিয়ারি কানে নিচ্ছে না কঙ্গো
ফাইল ফটো
ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ডিআর কঙ্গোসহ আফ্রিকার তিন দেশের নাগরিকদের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কঙ্গো ফুটবল দলের সদস্যদের বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বিশেষ বিবেচনায় দেশে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। পরবর্তী নির্দেশনায় তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে কঙ্গোর ফুটবল দলকে। এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আফ্রিকান দেশটি।
দলের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রশাসনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও তারা তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে পরিবর্তন আনবে না। কঙ্গোলিজরা বিশ্বকাপের জন্য হাউস্টনে তাঁবু ফেলবে। ওই শহরে ‘কে’ গ্রুপে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন পর্তুগালের বিপক্ষে। মেক্সিকোর গুয়াদালাজারায় ২৩ জুন তাদের দ্বিতীয় ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। ২৭ জুন আটলান্টায় গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান।
আগামী ১১ জুন হাউস্টনে পা রাখার কথা তাদের। হাতে আছে ১৯ দিন। বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি বলেছেন—ফিফা, কঙ্গোলিজ জাতীয় দল ও কিনশাসা সরকারকে মার্কিন কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, বর্তমানে ট্রেনিংয়ের জন্য বেলজিয়ামে থাকা স্কোয়াডকে ‘বাবলের’ মধ্যে থাকতে হবে।
গিউলিয়ানি বলেছেন, ‘আমরা কঙ্গোকে খুব স্পষ্ট করে জানিয়েছি যে ১১ জুন হাউস্টনে আসার আগে তাদেরকে ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে। কঙ্গো সরকারকেও এই ব্যাপারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। তাদের হয় বাবলে থাকতে হবে নয়তো যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার ঝুঁকিতে থাকবে। আমরা নিশ্চিত করতে চাই যে এই পথে বা আমাদের সীমান্তের কাছাকাছি যেন কিছু প্রবেশ করতে না পারে।’
কঙ্গোর একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রওনা হওয়ার আগে বেলজিয়ামের লিয়েজে ৩ জুন ডেনমার্কের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ছয় দিন পর স্পেনের কাদিজে চিলির বিপক্ষে শেষ ওয়ার্ম আপ ম্যাচ তাদের।
আইসোলেশনে থাকলে এই ম্যাচ দুটি খেলা হবে না কঙ্গোর। তাই প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনছে না তারা। ওই কর্মকর্তা বলেছেন, ‘আমাদের ট্রেনিং প্রোগ্রাম আমরা চালু রেখেছি। স্কোয়াডের কোনো খেলোয়াড় কঙ্গো থেকে আসেনি।’ স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই কঙ্গোর বাইরে, বিশেষ করে ইউরোপে খেলেন। ফরাসি কোচ সেবাস্তিয়েন দেসাব্রেও সম্প্রতি কঙ্গোতে যাননি। কয়েকজন কর্মকর্তা এই সপ্তাহে কঙ্গো থেকে বেলজিয়ামের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন।
৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপে কঙ্গো। বিশ্বমঞ্চে পা রাখার আগে দেশের সমর্থকদের কাছ থেকে বিদায় নিতে তিন দিনের জন্য কিনশাসায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ইবোলা প্রাদুর্ভাবের কারণে সেই সফর বাতিল করেছে তারা।