চট্টগ্রামে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। রবিবার (২৪ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার গৌরনদী থানার বিল্লু গ্রামের বাসিন্দা মো. আব্দুল আলীম (৩৭), একই থানার মধ্য হুসনাবাজ এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ (৩৭) ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার ছোট আমতল এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান মিরাজ (৪০)।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা (এসি) আমিনুর রশীদ জানান, রবিবার দুপুরে কলেজ বাজার এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়।
এতে গাড়ির পেছনে থাকা পাঁচটি প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় চালক আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা গাড়ির মালিক অন্য একটি গাড়িতে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আবার চেকপোস্টে অভিযান শুরু করা হয়।
পরে বিকেল ৩টায় আরেকটি প্রাইভেটকার আটক করা হয়। এসময় ওই গাড়িতে থাকা মিজানুর রহমান মিরাজ ও মো. ইলিয়াছকে আটক করা হয়।
তিনি জানান, গ্রেফতার তিন অভিযুক্তের বিরুদ্ধে বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে মিজানুর রহমান মিরাজ ও ইলিয়াছের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।