চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন বুধবার

চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন বুধবার

ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট দরবার শরীফ ও গ্রামগুলোতে প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় আনোয়ারার তৈলারদ্বীপ ও বরুমচড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় দুইশো বছর ধরে উপজেলায় সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ ও রাউজানের বহু গ্রাম ছাড়াও বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার অনুসারীরা একই দিনে ঈদ উদযাপন করবেন।

মির্জাখীল দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল ব্যক্তি মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে প্রায় দুই শতাধিক বছর ধরে পবিত্র হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। চাঁদের অবস্থান ও হজের তথ্য নিশ্চিত হয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি আরও বলেন, আরাফাতের ময়দান থেকে হজের খুতবা ও হজ পালনের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করার পর দেশ-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাহাঙ্গীর ও মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বুধবার ঈদের নামাজ আদায় করবেন।