কবীর সুমনের বিরুদ্ধে এফআইআর
সংগীতশিল্পী কবীর সুমন
বিতর্কিত মন্তব্য করায় সংগীতশিল্পী কবীর সুমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। নারীদের অপমান ও হিন্দু ভাবাবেগে আঘাত করায় গায়কের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, তৃণমূল কংগ্রেস সমর্থক গায়ক কবীর সুমনের বিরুদ্ধে ভারতের নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন ‘জাতির কথা’ সংগঠনের সদস্যরা।
সংগঠনটির সদস্যদের দাবি, কবীর সুমন নারীদের অপমান করেছেন। তার কথাবার্তায় হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে। যা মেনে নেবে না সংগঠনের সদস্যরা।
অভিযোগকারীদের বক্তব্য, কবীর সুমন নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। তার ভাষা বিতর্কিত। নারীদের এবং বাঙালি মানুষদের প্রতি যে ধরনের ভাষা তিনি ব্যবহার করেন বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে এবং নারী সম্মানকারী হিসেবে আমরা এটা বরদাস্ত করছি না।
সংগঠনের এক সদস্য বলেন, শিল্পীকে যাতে জেলে ঢোকানো যায়, তার যাবতীয় ব্যবস্থা করবো আমরা। আমাদের সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছি, এই কারণেই যে হিন্দু সমাজকে অসম্মানিত এবং তাচ্ছিল্য করা যাবে না। যে কথা তিনি বলেছেন, তার মূল্য দিতে হবে।
পুলিশ সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩ বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সুমন। তার জেরেই থানায় এ অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ দায়েরের পর পুলিশের প্রাথমিক অনুসন্ধান চলছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। এ প্রসঙ্গে গায়ক অবশ্য এখনও কোনো অফিশিয়াল মন্তব্য প্রকাশ করেননি।