দুই দিন করে মাছ খাওয়াবো, ৫ টাকাতেই খাওয়াবো: শুভেন্দু

দুই দিন করে মাছ খাওয়াবো, ৫ টাকাতেই খাওয়াবো: শুভেন্দু

শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় ও জনকল্যাণমূলক সুলভ মূল্যের খাবার প্রকল্প ‘মা ক্যান্টিনে’ আগের মতো ৫ রুপিতেই খাবার মিলবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, এবার থেকে সপ্তাহে দুদিন খাবারে থাকবে মাছ-ভাত।

মঙ্গলবার (২৬ মে) পশ্চিমবঙ্গের কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। শুভেন্দু ঘোষণা দেন, আগামী সপ্তাহ থেকেই চালু হচ্ছে ‘আপনার সরকারকে বলুন’ কর্মসূচি।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, শুভেন্দু অধিকারী বলেন, ‘২ দিন করে মাছ খাওয়াবো। ৫ টাকাতেই (রুপি) খাওয়াবো।’

টানা তৃতীয় মেয়াদে রাজ্যটির মুখ্যমন্ত্রী হওয়ার পর অর্থ দপ্তরের উদ্যোগে পাঁচ রুপির বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘মা ক্যান্টিন’ চালু করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে প্রতি দিন দুপুরে পাঁচ রুপির বিনিময়ে ডাল, ভাত, তরকারি এবং ডিম দেওয়া হতো। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলতো এই ক্যান্টিন। বিভিন্ন সরকারি হাসপাতাল, পুরসভা এলাকা এবং রাজ্যের বিভিন্ন জেলা সদরের জনবহুল এলাকায় এই ক্যান্টিনগুলো পরিচালিত হয়।

শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের যে মা ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনগুলোতে ৩৬৭ টা...প্রায় ৪০০-র কাছাকাছি সংখ্যা আপাতত থাকছে। সেখানে আমরা ২ দিন করে মাছ খাওয়াবো সপ্তাহে। ৫ টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি।’