মালদ্বীপ বাধা পেরিয়ে নারী সাফে শুভসূচনা বাংলাদেশের

মালদ্বীপ বাধা পেরিয়ে নারী সাফে শুভসূচনা বাংলাদেশের

ছবিঃ সংগৃহীত

মালদ্বীপ বাধা পেরিয়ে নারী সাফে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে ৪-২ গোলের সেই জয়ে স্বস্তির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দলের রক্ষণভাগের বেশ কিছু ভুল।

আজ শুক্রবার মাঠে ঘাম ঝরানোর কোনো তাড়া ছিল না পিটার বাটলারের শিষ্যদের। সকালে গোয়ার সমুদ্রসৈকতে ঘুরে বেড়িয়ে নিজেদের তরতাজা করে নিয়েছেন মেয়েরা।

এরপর টিম হোটেলে চলেছে কেবল রিকভারি ও আইস বাথ। আগামী ৩১ মে সামনে কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক ভারত।

সেই হাইভোল্টেজ ম্যাচের আগে দলের রক্ষণভাগের ফাঁকফোকর ও ভারতের আক্রমণ সামলানোর কৌশল নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র।

প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলেও রক্ষণভাগের দুর্বলতা চোখে পড়েছে দর্শকদের।

১৩ সেকেন্ডে গোল পাওয়ার পর দল ওভার কনফিডেন্ট হয়ে পড়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে শামসুন্নাহার বলেন, 'ওভার কনফিডেন্সের কিছু নেই। আমরা স্বাভাবিক খেলার চেষ্টা করেছি। তবে ডিফেন্স লাইনে একটু প্রবলেম ছিল। প্রথম গোলটা ডিফেন্স লাইন ম্যান ধরে রাখলে হতো না, আর দ্বিতীয় গোলটা আমরা কাউন্টার অ্যাটাকে খেয়েছি। এটা নিয়ে আমরা ও কোচিং স্টাফরা কথা বলছি, আগামীকালের অনুশীলনে এগুলো নিয়ে কাজ করা হবে।'

তিনি আরও যোগ করেন, কোচের মূল লক্ষ্য ছিল তিন পয়েন্ট পাওয়া, যা পূরণ হওয়ায় দল সন্তুষ্ট।

মালদ্বীপকে ১১-০ গোলে হারানো ভারতের আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী। এই ঝড় সামলানোর প্রস্তুতি নিয়ে অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেন, 'দীর্ঘদিন ধরে ভারতের সাথে খেলে আসছি, তাদের খেলার ফিলোসফি আমরা জানি। ওরা বেশিরভাগ সময়ই উইং দিয়ে খেলে। আমরা চাইবো উইংগুলো ব্লক করতে। উইং থেকে বল না আসতে পারলে তাদের স্ট্রাইকাররা ফিনিশ করতে পারবে না।'

মালদ্বীপ ম্যাচে মিডফিল্ডে বল হোল্ড না হওয়া প্রসঙ্গে তিনি জানান, মনিকা চাকমা সামান্য ইনজুরির কারণে বাইরে ছিলেন। ভারতের বিপক্ষে মনিকা ও মারিয়া মান্দা একসঙ্গে খেললে রক্ষণের ওপর এ ধরনের চাপ আর থাকবে না বলে বিশ্বাস তার।

ভারতের বিপক্ষে ম্যাচটিকে 'ফিফটি-ফিফটি' লড়াই হিসেবে দেখছেন শামসুন্নাহার। তিনি বলেন, 'ইন্ডিয়া শক্তিশালী টিম, আমরাও শক্তিশালী টিম। মালদ্বীপের বিপক্ষে আমি বা তহুরা যেভাবে উঠে খেলেছি, ইন্ডিয়ার সাথে হয়তো এতটা পারবো না। কারণ আমরাও চাপে থাকবো, তারাও চাপে থাকবে। ফিফটি-ফিফটি খেলা হবে, যারা সুযোগ পাবে তারা সেটা কাজে লাগানোর চেষ্টা করবে।

ফুটবল হোক বা অন্য কোনো খেলা, ভারতের বিপক্ষে জয় সবসময়ই দেশের মানুষের কাছে বিশেষ কিছু। খেলোয়াড়দের মাঝেও এই মোটিভেশন কাজ করে উল্লেখ করে শামসুন্নাহার বলেন, 'ইন্ডিয়ার সাথে জিতলে আমাদের এবং দেশবাসীর আলাদা একটা ভালোলাগা কাজ করে। সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে জয়টা আমাদের জন্য ইম্পরট্যান্ট। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, বাকিটা ওপরওয়ালার ওপর।'