ন্যায্য দাম না পাওয়ায় শত শত চামড়া পড়ে আছে সড়কের পাশে
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চামড়ার ক্রেতা না থাকায় এবং ন্যায্য দাম না পাওয়ায় শত শত চামড়া সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন মৌসুমী ব্যবসায়ীরা।
এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা। অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের কারণে চামড়ার বাজারে ন্যায্য দাম মিলছে না।
স্থানীয়রা জানান, ঈদুল আজহায় ব্রাহ্মণবাড়িয়ায় কোরাবানির পশুর চাহিদা ছিল প্রায় ১ লাখ ৬৯ হাজার পশু কোরবানি দেওয়ার চাহিদা ছিল। জেলার প্রায় ১৫ হাজার খামারি এসব পশু লালনপালন করেন। ঈদের দিন দুপুরের পর থেকেই শহরের টি.এ. রোডে চামড়া নিয়ে আসতে থাকেন মৌসুমী ব্যবসায়ীরা। তবে ক্রেতা না থাকায় রাতভর অপেক্ষা করেও কেউ চামড়া বিক্রি করতে পারেননি। পরে অনেকে বিক্রি না করতে পেরে শহরের বিভিন্ন সড়কের পাশে চামড়া ফেলে রেখে চলে যান। এতে দুর্গন্ধ ছড়িয়ে পথচারীদের ভোগান্তি বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, তারা ৫০০ টাকায় কেনা চামড়া ২০০ টাকাতেও বিক্রি করতে পারেননি। ফলে চামড়া কিনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। তাদের অভিযোগ, সরকারের নজরদারির অভাবে বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, অন্যান্য উপজেলায় চামড়া বিক্রি হয়েছে, কিন্তু শহরে কেন বিক্রি হচ্ছে না তা স্পষ্ট নয়।
তিনি বললেন, সড়কের পাশে ফেলে রাখা চামড়ার মালিকও শনাক্ত করা যাচ্ছে না। বিষয়টি পৌরসভাকে জানানো হয়েছে এবং সন্ধ্যার পর চামড়া অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।