পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
প্রতিকি ছবি
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নিজ ঘর থেকে নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা রাধে শ্যামের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার রাতে নিজ ঘরের খাটের ওপর ঘুমিয়েছিলেন নমিতা রানী। পরিবারের দাবি, রাতে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম।
তবে কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন, নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন।
এসময় খাটের পাশে তার হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া গলায় ক্ষতের চিহ্নও রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের দাবি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।